চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পৌরসভা পর্যায়ের এ খেলায় বালিকা বিভাগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে আজকের শিশুদের ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চেষ্টা করলে তোমরাও একদিন মেসির মতো ভালো খেলোয়াড় হতে পারবে।
এ সময় জেলা প্রশাসক উন্নতমানের পাঠদানের জন্য শিক্ষকদের প্রতিও আহ্বান জানান। শিশুরা যেন কোনোভাবেই বিপথে চলে না যায় সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। এতে সূচনা বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
এবারের টুর্নামেন্টে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। গত ৮ এপ্রিল এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।